যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ২:২৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের বাধা দেয়। বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং জলকামান দিয়ে পানি চালানো হয়। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

ঘটনাটি ঘটে বেলা দেড়টার পরে। এর আগে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়ক বন্ধ হয়ে যায়। বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পেরোনোর চেষ্টা করেন। তখন পুলিশ তাদের বাধা দেয়।

এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মির্জা প্রথম আলোকে বলেন, “মিছিলের সামনে ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে কিছু এসে আমার বাম পায়ে আঘাত করে।” শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার না করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।