টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা এখন বাংলাদেশে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

তিন ম্যাচের সিরিজ খেলতে বুধবার বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এটি প্রথমবার বাংলাদেশে আসলো নেদারল্যান্ডস দল। বুধবার সকালে ঢাকায় পা রাখে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচ দলটি। একই দিন তারা সিলেটে চলে যাবে, যেখানে তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচির বাইরে এই সিরিজটি আয়োজন করছে বিসিবি। মূলত এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য এটি আয়োজন করা হয়েছে।

নেদারল্যান্ডস ক্রিকেট দলের এটি তৃতীয় বাংলাদেশ সফর। তবে আগের কোনো সফর দ্বিপাক্ষিক সিরিজ ছিল না। ২০১১ বিশ্বকাপে তারা বাংলাদেশের বিপক্ষে খেলেছে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা এখানে সাতটি ম্যাচ খেলেছে, তবে কোনোটি বাংলাদেশের বিপক্ষে হয়নি।

টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি পাঁচটি ম্যাচে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয় তাদের নিজের মাঠে ২০১২ সালে। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস ১৩ নম্বরে, বাংলাদেশ ১০ নম্বরে।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার, পরের দুটি ম্যাচ সোমবার ও বুধবার। সব ম্যাচের শুরু সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ দল গত তিন সপ্তাহ ধরে এই সিরিজ ও সামনের এশিয়া কাপে চোখ রেখে প্রস্তুতি নিচ্ছে। মিরপুরে শুরু হয়ে এক সপ্তাহ ধরে সিলেটে তাদের অনুশীলন চলছে।