তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা এবার শাহবাগ অবরোধ থেকে সরে এসে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। ফলে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারা দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, “দাবি পূরণ না হওয়ায় আমরা বাধ্য হয়েছি কঠোর কর্মসূচি দিতে। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগে আর অবরোধ করবো না।” বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
শিক্ষার্থীদের দাবি—
১. ডিপ্লোমা প্রকৌশলীরা আর ‘প্রকৌশলী’ পরিচয় ব্যবহার করতে পারবে না।
২. তাদের কাউকে নবম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না।
৩. দশম গ্রেডের চাকরিতে কেবল স্নাতক প্রকৌশলীরাই যোগ দিতে পারবেন।
এর আগে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে মিছিল শুরু করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গের চেষ্টা চালায়। পরে সন্ধ্যায় সরকারের দুই উপদেষ্টা এসে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন।
আপনার মতামত লিখুন :