ঢাকায় শোভাযাত্রার বদলে খাল পরিষ্কার কর্মসূচি পালন করবে বিএনপি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মঙ্গলবার নির্ধারিত শোভাযাত্রা কর্মসূচি বাতিল করেছে বিএনপি। এর বদলে স্বেচ্ছাশ্রমে খাল-ড্রেন-নর্দমা পরিষ্কার কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার এক ভিডিও বার্তায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শোভাযাত্রা হলে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়—এ কারণেই তা বাতিল করা হয়েছে। পরিবর্তে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির খাল ও নর্দমা পরিষ্কারে নেতাকর্মীরা অংশ নেবেন। এ কাজে কোনো শ্রমিক ভাড়া না করে নিজেরাই স্বেচ্ছাশ্রমে কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার আলোচনা সভার মধ্য দিয়ে ছয়দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সোমবার পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারাদেশে উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও শোভাযাত্রা, ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান এবং ৫ সেপ্টেম্বর ঢাকায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।