কুমিল্লায় ভাড়া বাসা থেকে কুবি ছাত্রী ও মায়ের মরদেহ উদ্ধার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) এবং তার মা তাহমিনা আক্তার (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নেলী কটেজ নামক ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সুমাইয়া কুবির লোক প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, চার বছর আগে তাহমিনার স্বামী, কুমিল্লা আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম, বাসাটি ভাড়া নেন। তার মৃত্যুর পর তাহমিনা আক্তার সন্তানদের নিয়ে এখানেই বসবাস করতেন। পরিবারের সদস্যরা খুব কম কারও সঙ্গে মিশতেন। রবিবার রাতে ঢাকা থেকে তার দুই ছেলে বাসায় এসে দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে মা ও বোনকে নিথর অবস্থায় পেয়ে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রবিবার সকাল ৮টা ৮ মিনিটে মাথায় টুপি ও পাঞ্জাবি-পাজামা পরা এক অজ্ঞাত ব্যক্তি বাসায় প্রবেশ করেন। পরে বেলা ১১টা ২২ মিনিটে বাসা থেকে বের হয়ে আবার ১১টা ৩৪ মিনিটে প্রবেশ করেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত তার আর কোনো ছবি ক্যামেরায় ধরা পড়েনি। পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। যদিও নিহতদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই, তবে পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।