ডাকসু নির্বাচনে বিশেষ নিরাপত্তা, আশঙ্কাহীন পরিস্থিতি : ডিএমপি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ভোর থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে ডিএমপির ডিসি মোল্লা আজাদ বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কার খবর পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ তৎপর আছি।” তিনি আরও জানান, আজ রাত ৮টার পর বৈধ পাসধারী ছাড়া কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এদিকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটকেন্দ্রে ব্যাগ, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, সোমবার থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বৈধ বা লাইসেন্সধারী অস্ত্রও বহন করা যাবে না। এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কারও কাছে অস্ত্র পাওয়া গেলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।