জেন–জির বিক্ষোভ

ত্রিভুবন বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরছেন জামালরা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

:: খেলাধুলা ডেস্ক ::

নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছেন। বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বিকেলের মধ্যেই খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাংবাদিকদের দেশে পৌঁছানোর কথা রয়েছে।

জাতীয় দলকে দেশে ফেরাতে বাফুফে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আটকে পড়া জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে সরকার বিমান বাহিনীর বিশেষ বিমান পাঠিয়েছে।

জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচ বাতিল হয়। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় তারা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার থেকে বিমানবন্দর সচল হয়। এরপর জরুরি ভিত্তিতে সশস্ত্র বাহিনী বিভাগ দলকে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করে।