জাকসু নির্বাচন

২৫ পদের ২০টিতে শিবির সমর্থিত জোটের জয়


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

শিক্ষা ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রী সংসদ (জাকসু) নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত ছাত্র জোট’। শনিবার (১৩ সেপ্টেম্বর) ঘোষিত ফলে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন এ জোটের প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করেন।

জিএস পদে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ সিয়াম পান ১ হাজার ২৩৮ ভোট এবং ছাত্রদলের প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পান ৯৪১ ভোট।

এছাড়া এজিএস (পুরুষ) পদে জয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা। শিক্ষা ও গবেষণা, পরিবেশ, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি, সমাজসেবা, স্বাস্থ্য, পরিবহনসহ অধিকাংশ সম্পাদকীয় পদেও বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।

কার্যকরী সদস্য পদেও নারীদের মধ্যে নুসরাত জাহান ইমা, ফাবলিহা জাহান নাজিয়া ও নাবিলা বিনতে হারুন নির্বাচিত হয়েছেন। পুরুষ কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন হাফেজ তারিকুল ইসলাম ও আবু তালহা।

এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিত করল সমন্বিত ছাত্র জোট।