সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের মালিকানাধীন শিল্পগোষ্ঠীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুল আজিজ ও উৎপল পাল। তাদের বিরুদ্ধে অভিযোগ, জাবেদ পরিবারের নির্দেশে নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবিএল থেকে ঋণ নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে তা পাচার করা হয়।

মামলায় সাবেক মন্ত্রী, তার স্ত্রী-ভাইবোনসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। দুদকের দাবি, এ জালিয়াতির ঘটনা ঘটেছিল ২০১৯-২০ সালে জাবেদের মন্ত্রীত্বকালীন সময়।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি পরিবারের সঙ্গে লন্ডনে পাড়ি জমান বলে গণমাধ্যমে প্রকাশিত হয়।