উসমান দেম্বেলে

ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে


খেলাধুলা ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

প্রত্যাশিতভাবেই ফরাসি তারকা উসমান দেম্বেলের হাতেই উঠল ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল তাঁকে ২০২৫ সালের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা তুলে দেয়।

গত মৌসুমে পিএসজির সাফল্যের নেপথ্যে বড় অবদান ছিল দেম্বেলের। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ, ফরাসি কাপ—তিনটি শিরোপাই জিততে সাহায্য করেছেন তিনি। এর পাশাপাশি ফরাসি সুপার কাপে শিরোপা নির্ধারনী একমাত্র গোলও করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। মৌসুমজুড়ে সব প্রতিযোগিতায় ৫৩ ম্যাচে করেন ৩৫ গোল ও ১৬টি গোলে সরাসরি সহায়তা দেন।

তবে লড়াইয়ে দেম্বেলের প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তিনি লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ইয়ামালের নামের পাশে ছিল ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট।

অন্যদিকে নারীদের ব্যালন ডি’অর টানা তৃতীয়বারের মতো জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি। তিনবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে তিনি ইতিহাস গড়লেন প্রথম নারী ফুটবলার হিসেবে। এ ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন দেশ ও ক্লাব সতীর্থ আলেক্সিয়া পুতেয়াসকে, যিনি দুইবার জিতেছিলেন এই সম্মাননা।

২৭ বছর বয়সী বনমাতি গত মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল এনে দেন। সব প্রতিযোগিতায় করেন ১৬ গোল ও ১২টি অ্যাসিস্ট। নির্বাচিত হন উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা খেলোয়াড়। যদিও ফাইনালে আর্সেনালের কাছে হেরে যায় বার্সেলোনা।

২০২২ সালে ব্যালন ডি’অরের নিয়মে আনা পরিবর্তন অনুযায়ী এখন আগস্ট থেকে জুলাই পর্যন্ত একটি মৌসুমের পারফরম্যান্সই বিবেচনায় নেওয়া হয়। সাংবাদিকদের ভোটেই নির্ধারিত হয় বিজয়ী।