সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

সাবেক ভূমিমন্ত্রীর চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন: কর্মকর্তা আটক


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৯:২২ অপরাহ্ন

চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর ২০২৫: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও মেঘনা ব্যাংক থেকে এই চেক ব্যবহার করে অর্থ উত্তোলন করা হয়। ইসলামী ব্যাংকের ৪টি চেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংকের ৩টি চেকে ৩০ লাখ টাকা, সোনালী ব্যাংকের ৩টি চেকে ৩৬ লাখ টাকা এবং মেঘনা ব্যাংকের ১টি চেক ব্যবহার করে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়।

দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, আসামি জাহাঙ্গীর আলমকে আরামিট গ্রুপের কালুরঘাট অফিস থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া অর্থ উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের নামে পাঁচটি প্রতিষ্ঠান খোলা হয় এবং এসব প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ২৫ কোটি টাকার ঋণ নেওয়া হয়। ঋণ ব্যবস্থাপনার সময় ব্যাংকের ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করা হয়।

এ ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।