শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটিকে ঘিরে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে পড়েছে যানবাহন। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশে ধীরগতিতে চলছে গাড়ি।
যাত্রীরা জানান, স্বাভাবিক দিনে আধাঘণ্টার পথ পার হতে এখন সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন। সিলেটগামী এক যাত্রী বলেন, সাধারণত ছয়-সাত ঘণ্টায় পৌঁছানো যায়, কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েও এখনো নরসিংদী পার হওয়া সম্ভব হয়নি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ তৈরি হয়েছে। এর সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যানজট নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও চাপ এতটাই বেশি যে স্বাভাবিক হতে সময় লাগছে।
যাত্রীরা বলছেন, পূজার আনন্দের যাত্রাপথ যেন দুর্ভোগে রূপ নিয়েছে।
আপনার মতামত লিখুন :