কয়েক দিনের টানা বৃষ্টিকে অজুহাত করে রাজধানীর খুচরা বাজারে ফের সবজির দাম বেড়েছে। সরবরাহ সংকটের কথা বলে অসাধু ব্যবসায়ীরা এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছে সবজি। তবে বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহে তেমন ঘাটতি নেই।
বৃহস্পতিবার নয়াবাজার ও কাওরান বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে দেখা গেছে, বরবটি বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, ঝিঙা ৭০-৮০ টাকা, লাউ ৬০-৭০ টাকা দরে। সিম ২০০, উস্তা ১০০, কচুর লতি ৮০-১০০, কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গাজর ১২০, পটোল ৮০, মুলা ৭০, ফুলকপি ও জালি কুমড়া ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর দাম রয়েছে ৩০ টাকায়।
সবজির পাশাপাশি বাড়ছে ভোজ্যতেল ও ডালের দামও। দুই লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৩৮০-৩৮৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৩৭৫-৩৮০ টাকা। পাম তেল লিটারপ্রতি ১৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি দানার মসুর ডাল কেজিপ্রতি ১২০-১৪০ টাকায় এবং ছোট দানার মসুর ডাল ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংস ও মাছের বাজারও অস্থির। খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, গরুর মাংস ৭৫০-৮০০ টাকা ও খাসির মাংস কেজিপ্রতি ১১০০-১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
অন্যদিকে ইলিশ, রুই, তেলাপিয়া, পাবদা ও চিংড়ির দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মাঝারি আকারের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৩০০-২৫০০ টাকা, আর ছোট আকারের ইলিশ ৭০০-৭৫০ টাকায়।
ক্রেতারা অভিযোগ করেছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে নাকাল হতে হচ্ছে ভোক্তাদের।
আপনার মতামত লিখুন :