বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিসেম্বর মাসে নতুন আমির নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের পথে এগোচ্ছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী, এক লাখেরও বেশি রুকন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়ে নতুন আমির নির্বাচন করবেন।
দীর্ঘদিন পর রাজনৈতিক মঞ্চে সক্রিয় হওয়া জামায়াত ইতোমধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রাজপথে সরব হয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ডিসেম্বরের এই অভ্যন্তরীণ নির্বাচন, যা দলটির কেন্দ্রীয় নেতৃত্বে বড় রদবদল আনতে পারে।
বর্তমান আমির ডা. শফিকুর রহমানের দ্বিতীয় মেয়াদ ডিসেম্বরেই শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, বিদায়ী আমিরের নেতৃত্বে কেন্দ্রীয় মজলিসে শুরা তিন সদস্যের প্যানেল তৈরি করবে, যেখান থেকে রুকনরা ভোট দিয়ে নতুন আমির বাছাই করবেন। তবে প্যানেলের বাইরে থেকেও কাউকে নির্বাচিত করার সুযোগ থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে। একটিতে রয়েছেন ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান ও এ টি এম আজহারুল ইসলাম। অন্যটিতে আজহারের পরিবর্তে আছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ২৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। তার মতে, নতুন আমির জাতীয় নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, যা দলটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. শফিকুর রহমান প্রথমবার ২০১৯ সালে এবং দ্বিতীয়বার ২০২২ সালে আমির নির্বাচিত হন। যদিও মেয়াদ তিন বছর, তবে গঠনতন্ত্রে একই ব্যক্তির পুনর্নির্বাচনে কোনো সুনির্দিষ্ট বাধা নেই।
আপনার মতামত লিখুন :