সালাহউদ্দিন আহমদ

পিআর আন্দোলন নিয়ে বিভ্রান্তির চেষ্টা নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে যারা পিআর নিয়ে আন্দোলন করছে, তারা আসলে নির্বাচন বিলম্ব ও ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে। তাই জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা উচিত নয়।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, পিআরসহ বিভিন্ন দাবিতে জামায়াত ও অন্যান্য দলগুলোর কার্যক্রম গণতান্ত্রিক চর্চা। তবে শেষ সিদ্ধান্ত নেবে জনগণ, তারা কাদের ইশতেহার গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, পিআর আন্দোলনকে কাজে লাগিয়ে নির্বাচনকে বিলম্বিত ও ব্যর্থ করার অপচেষ্টা চলছে। জনগণকে বিভ্রান্ত করা এ ধরনের আন্দোলনের উদ্দেশ্য হওয়া উচিত নয়।

এ সময় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।