তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ৩০০ আসনের তালিকা প্রস্তুত রয়েছে এবং শরিকদের দাবিকৃত আসনের বিষয়েও আলোচনা চলছে।

সব শরিক দলের প্রার্থী তালিকা পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আলোচনার মাধ্যমে প্রার্থী তালিকা ঘোষণা করবেন। চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে শিগগিরই। বিএনপি থেকে কারা মনোনয়ন পাবেন? এরকম প্রশ্নের উত্তরে বিএনপির দুজন নেতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়নের ক্ষেত্রে পাঁচটি মাপকাঠি নির্ধারণ করেছেন। এর ভিত্তিতেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। এই পাঁচটি যোগ্যতা হলো-

১. এলাকায় পরিচ্ছন্ন ইমেজ থাকা
২. জনপ্রিয়তা
৩. দেশ ও দলের জন্য ত্যাগ
৪. সংগঠনের জন্য অবদান
৫. দলীয় কোন্দল থেকে মুক্ত থাকা

প্রার্থী নির্বাচনে এসব মানদণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের মতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে এবার দলের প্রার্থী বাছাই হবে আরও দায়িত্বশীল ও গণভিত্তিক।