বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার

তারেক রহমানের সাক্ষাৎকার: শিগগিরই দেশে ফেরার আশাবাদ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার ইঙ্গিতসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে হয়তো এতদিন ফেরা হয়নি। তবে সময় এসে গেছে মনে হচ্ছে। ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব।” তিনি আরও জানান, প্রত্যাশিত নির্বাচনের সময় তিনি জনগণের মাঝে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন।

নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনীতির সঙ্গে নির্বাচন ও রাজনৈতিক কর্মীর সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই জনগণ প্রত্যাশিত নির্বাচন চাইলে তিনি সেই সময়ে জনগণের সাথেই থাকবেন।

দেশে ফেরার পর নিরাপত্তা ঝুঁকি আছে কি না—এমন প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ নিয়ে নানা শঙ্কার কথা বিভিন্ন মহল থেকে শোনা যায়। তবে তিনি নিজেকে মানসিকভাবে সবসময় বাংলাদেশেই আছেন বলে উল্লেখ করেন।

দীর্ঘদিন গণমাধ্যমে মুখ না খোলার কারণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, অতীতে আদালতের নির্দেশে তার বক্তব্য প্রকাশে বাধা দেওয়া হয়েছিল। প্রেস ক্লাবে বক্তব্য দেওয়ার পরও তাকে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছিল। তবে তিনি সামাজিক মাধ্যমসহ নানা পথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে গেছেন।

তিনি বলেন, “আমি থেমে থাকিনি, সবসময় মানুষের কাছে পৌঁছেছি। শুধু গণমাধ্যমে সেটা ছাপা হয়নি বা প্রচার হয়নি।”

👉 এই সাক্ষাৎকারে তারেক রহমানের বক্তব্য স্পষ্ট করেছে, তিনি শিগগিরই দেশে ফেরার ব্যাপারে আশাবাদী এবং আসন্ন নির্বাচনের সময় জনগণের সঙ্গে থাকার অঙ্গীকারও করেছেন।