এইচএসসি পরীক্ষা

জানা গেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সকাল ১০টায় স্ব-স্ব বোর্ড থেকে প্রকাশ করা হবে।

ফল প্রকাশের দিনে ঢাকা শিক্ষা বোর্ডের সভা কক্ষে (৩ নং ভবন, লিফট ৬) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

চলতি বছরের লিখিত পরীক্ষা ১৯ আগস্টে শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবারের পরীক্ষায় মোট ১২,৫১,১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন; এর মধ্যে ছাত্র ৬,১৮,০১৫ জন এবং ছাত্রী ৬,৩৩,০৯৬ জন।

পাবলিক পরীক্ষা আইন অনুসারে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা বাধ্যতামূলক।