জুলাই সনদ শুধু নামমাত্র স্বাক্ষর’ সারজিস আলমের অভিযোগ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

ঐতিহাসিক জুলাই সনদকে ‘নামমাত্র স্বাক্ষর’ আখ্যা দিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তার বদলে নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছে। জুলাই সনদে স্বাক্ষর কেবল দায়সারা আনুষ্ঠানিকতা।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ‘টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে কেবল নামমাত্র ঐকমত্য দেখিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। সেখানে জনগণের বাস্তব দাবি, আন্দোলনের চেতনা বা শহীদদের রক্তের প্রতিফলন নেই।”

তিনি অভিযোগ করেন, “সংস্কার বা আইনি ভিত্তি থাকুক না থাকুক—সরকার জুলাই সনদকে কেবল ‘সেইফ এক্সিট’ হিসেবে ব্যবহার করছে। তাই নামমাত্র স্বাক্ষর করেই তারা নির্বাচনমুখী হতে চাইছে।”

গণভোট প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “যদি গণভোটে জুলাই সনদের পক্ষে রায় আসে, তবে সংশ্লিষ্ট দাবিগুলোর কী হবে? নোট অব ডিসেন্ট কার্যকর হবে কিনা—সেটি এখনো অস্পষ্ট।”

শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন, “শুক্রবার সংসদ ভবনের সামনে শহীদ পরিবার ও যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এটি ছিল অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।”

তিনি আরও অভিযোগ করেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি ছিল রাজনৈতিক দলগুলোর একধরনের চুক্তির মিলনমেলা। সেখানে শহীদ পরিবার বা যোদ্ধাদের জন্য কোনো মর্যাদাপূর্ণ আসন কিংবা সম্মানজনক ব্যবস্থা রাখা হয়নি। এ ধরনের আচরণ জুলাইযোদ্ধাদের প্রতি চরম অবমাননা।”

সারজিস আলম সতর্ক করে বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা অনেক ছাড় দিয়েছি। কিন্তু ঘোষণাপত্র আজও কেবল কাগজেই রয়ে গেছে। এর কোনো বাস্তব প্রয়োগ দেখা যায়নি। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এই অভ্যুত্থানই টিকবে না, বরং যোদ্ধাদের বিরুদ্ধেই মামলা হতে পারে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা।