ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে দেশের রাজনীতিতে এক “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজকের এই দিন প্রমাণ করেছে—জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে রাজনৈতিক দলগুলো এক হয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। এটি আমাদের রাজনৈতিক পরিপক্বতার পরিচায়ক।”
তিনি আশা প্রকাশ করেন, যেসব দল এখনও জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারা আলোচনার মাধ্যমে ভবিষ্যতে এতে যোগ দেবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুপস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “জুলাই প্রক্রিয়ায় এনসিপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের অনুপস্থিতি একটি ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। ঐকমত্য কমিশনের আলোচনাগুলোতে তারা প্রায় সব বিষয়েই ইতিবাচক ছিল। আলোচনার মাধ্যমে তাদের আপত্তি দূর করা যেত। আমার মনে হয়, এটি তাদের বিচক্ষণতার অভাব—না হলে তারাও আজ স্বাক্ষর করতো।”
তবে এটিকে বিভক্তি হিসেবে দেখছেন না মির্জা ফখরুল। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, তারা দ্রুতই তাদের অবস্থান বুঝতে পারবে এবং সঠিক জায়গায় ফিরে আসবে।”
বিতর্কের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “বিতর্ক তো সব দেশেই থাকে। আমাদের দুর্ভাগ্য, আমরা বিতর্কে আনন্দ পাই। কিন্তু এর মধ্য দিয়েই সমাধানও আসে।”
সবশেষে তিনি বলেন, “সবকিছুর পরেও এটি একটি বড় অর্জন—একটি গ্রেট এচিভমেন্ট। বাস্তবায়নের পথে অবশ্যই আরও আলোচনা হবে, তবু আজকের এই পদক্ষেপ আমাদের জাতির ভবিষ্যতের জন্য আশার প্রতীক।”
আপনার মতামত লিখুন :