সালমান শাহ হত্যা মামলা: ২৯ বছর পর স্ত্রী সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি, অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর আগে একই দিন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ নয়, ‘হত্যা’ হিসেবে বিবেচনায় নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দেন। আদালতের এই নির্দেশের পরই মামলা দায়ের করা হয়।

বাদী আলমগীর কুমকুম জানান, সালমান শাহর বাবা তার ছেলের মৃত্যুকে হত্যা প্রমাণে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু জীবদ্দশায় ন্যায়বিচার পাননি। “আজ ২৯ বছর পর আদালতের নির্দেশে আমরা হত্যা মামলা দায়ের করতে পেরেছি। সত্য একদিন প্রমাণ হবেই,” বলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তৎকালীন তদন্তে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয় এবং পিবিআইও পরবর্তীতে তাদের প্রতিবেদনে একই মত দেয়। তবে সালমান শাহর পরিবার সেই সিদ্ধান্ত মানেননি এবং বরাবরই দাবি করেছেন, এটি ছিল পরিকল্পিত হত্যা।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সালমান শাহর মৃত্যুর তদন্তে দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলা ছিল স্পষ্ট। সেই মন্তব্যের ভিত্তিতেই মামলাটি নতুনভাবে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত, যা অবশেষে ২৯ বছর পর হত্যা মামলায় রূপ নিল।