সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে চলছে শুনানি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ইস্যুতে আপিল শুনানির তৃতীয় দিন চলছে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের তৃতীয় দিনের শুনানি চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।

আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করছেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী।

এর আগে, বুধবার দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন ড. শরীফ ভূঁইয়া।

গত ২১ অক্টোবর এই আপিলের শুনানি শুরু হয়। এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন গ্রহণ করে আপিলের অনুমতি দেন আদালত।

এর পরপরই ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল দায়ের করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজিত হয় ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট রিট খারিজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে।

পরে ২০০৫ সালে এ বিষয়ে আপিল বিভাগে আপিল করা হয়, যার রায়ে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এর ফলে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা হয় এবং ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী আইন, যা ৩ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয়।

পরবর্তীতে সরকার পরিবর্তনের পর ২০২4 সালের ৫ আগস্ট এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি—তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর এবং জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৩ অক্টোবর পৃথকভাবে রায় পুনর্বিবেচনার আবেদন করেন।
একই দাবিতে বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও গত বছর আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন দাখিল করেন।