ছবি বিকৃতি ও কুরুচিপূর্ণ মন্তব্যে ঢাবি শিক্ষিকা মোনামির মামলা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি নিজের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।

সোমবার (৩ নভেম্বর) তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এ সময় ডাকসুর কয়েকজন নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, “শেহরীন আমিন ভূঁইয়া ম্যাম তার ছবি বিকৃত করে ফেসবুকে প্রচারকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। আমি আইনগত সহায়তা দিয়েছি।” তিনি আরও জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে, এবং যারা ভবিষ্যতে এমন কাজে লিপ্ত হবেন, তাদেরও আইনের আওতায় আনা হবে।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মুনসুর জানান, মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—
১. সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার,
২. লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ,
৩. ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন, এবং
৪. আশফাক হোসাইন ইভান।

এজাহারে আসামিদের ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা বিভিন্ন আইডি থেকে মোনামির ছবি এডিট করে অশালীনভাবে প্রচার ও মন্তব্য করেছেন।

শিক্ষিকা মোনামি বলেন, “ক্রমাগতভাবে আমার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সহকর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করতে বিলম্ব হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।