ক্যাচ মিসে আয়ারল্যান্ডকে অলআউটের সুযোগ হারাল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

সিলেট টেস্টের প্রথম দিন প্রায় শেষের দিকেও আয়ারল্যান্ডকে অলআউট করার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দলীয় ২২২ রানে সপ্তম উইকেট পতনের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসে নাজমুল হাসান শান্তর দল। কিন্তু ক্যাচ মিসের মাশুল গুনতে হয় তাদেরকেই।

শেষ পর্যন্ত দিনের খেলা শেষে ৯০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২৭০ রান তুলেছে আয়ারল্যান্ড। দিনের শেষ বলে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অভিষিক্ত ব্যাটার জর্ডান নেইল (৩০)। অপরপ্রান্তে ২১ রানে অপরাজিত ছিলেন ব্যারি ম্যাকার্থি।

বাংলাদেশের পক্ষে দিনটি শুরুটা ছিল দুর্দান্ত। ইনিংসের চতুর্থ বলেই হাসান মাহমুদের বলে অ্যান্ডি বালবির্নিকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি। কিন্তু এরপর ফিল্ডারদের ধারাবাহিক ক্যাচ মিসে ছন্দ হারায় বাংলাদেশ।

পল স্টার্লিং ও অভিষিক্ত ক্যাড কারমাইকেল দুইজনই জীবন পেয়ে বড় ইনিংস গড়েন। স্টার্লিং ৮ ও ১০ রানে জীবন পেয়ে করেন ৬০ রান, তাকে ফেরান নাহিদ। অপরদিকে ১০ রানে জীবন পাওয়া কারমাইকেল খেলেন ৫৯ রানের ইনিংস, তাকে আউট করেন মেহেদী হাসান মিরাজ, যিনি দিনের সেরা বোলার ছিলেন ৩ উইকেট নিয়ে।

এর আগে কার্টিস ক্যাম্ফারকে (৪৪) শান্তর ক্যাচে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। পরে তিনিই আউট করেন লরকান টাকারকেও (৪১), যিনি একবার জীবন পেয়ে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন।

ফলস্বরূপ, সহজে আয়ারল্যান্ডকে গুটিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। এখন দ্বিতীয় দিনের শুরুতেই বাকি দুই উইকেট তুলে নেওয়াই হবে টাইগারদের প্রধান লক্ষ্য।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭০/৮ (বালবার্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক‍্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম‍্যাকব্রাইন ৫, নিল ৩০, ম‍্যাককার্থি ২১*; হাসান ১২-৪-৩২-১, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২১-৬-৭২-১, মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)