দুর্নীতির অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বুধবার (১২ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এর আগে গত ২৩ অক্টোবর, একই আদালত ওবায়েদ উল্লাহ ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, ওবায়েদ উল্লাহ রূপালী ব্যাংকের এমডি থাকা অবস্থায় অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ তছরুপ করেছেন। এছাড়া তার নিজ ও পরিবারের সদস্যদের নামে থাকা হিসাবে অজানা উৎস থেকে বিপুল পরিমাণ অর্থ জমা ও স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, ওবায়েদ উল্লাহ তার ব্যাংক পদে থেকে অনুমোদিত ঋণের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ও পুত্রের বিদেশে শিক্ষার খরচে ব্যবহার করেছেন। তার দুই সন্তান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, ফলে বাকি পরিবারের সদস্যদেরও দেশত্যাগের আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।