আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল শিবির


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন

রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে দুপুরে সংগঠনটির কার্যালয়ের সামনে ১০ থেকে ১৫ জনের একটি দল অবস্থান নেয়। এসময় হঠাৎ করেই ভবনে আগুন ধরে যায়।

পরে আগুনের তীব্রতা কিছুটা কমলে বিক্ষুব্ধরা পুনরায় আগুন লাগিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের এই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর থেকে ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

এদিকে, জুলাই মাসের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মসূচি প্রতিহত করতে রাজপথে অবস্থান নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।