নির্মাতা অমিতাভ রেজা আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা এই নির্মাতা স্থানীয় সময় শুক্রবার সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। কনে মুশফিকা মাসুদ—পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক।
ফেসবুকে দুজনের একটি ছবি পোস্ট করে অমিতাভ লিখেছেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি আমার থেকে ফাজিল কারও সঙ্গে জীবন কাটাব।’ ওই পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
মুশফিকা প্রথম আলোকে বলেন, ‘অমিতাভ অসাধারণ মেধাবী একজন মানুষ। সে যেভাবে ভালোবাসে, তা সত্যিই অবিশ্বাস্য। তার ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।’ ফেসবুকেও তিনি লিখেছেন, ‘আমার আত্মার গভীরে শুধু একজন মানুষ—আর সে তুমি।’ একই ছবিতে অমিতাভ মন্তব্য করেন, ‘তুমি আমার সৌন্দর্য, আমার জীবন,’—এর জবাবে মুশফিকা লেখেন, ‘আর তুমি আমার ওং কার–ওয়াই।’
জানা গেছে, মুশফিকা যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক। পরে যুক্তরাষ্ট্রের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট–প্রোডাকশনে উচ্চশিক্ষা নেন এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশনেও পড়াশোনা করেন। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য অ্যানিভার্সারি যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার অর্জন করে।
এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন; পরবর্তী সময়ে উভয় দাম্পত্যই ভেঙে যায়।
আপনার মতামত লিখুন :