অবশেষে চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার দুপুরে মুম্বাইয়ে নিজের বাড়িতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি—এ খবর নিশ্চিত করেছে ফিল্মফেয়ারসহ ভারতের একাধিক শীর্ষ গণমাধ্যম।

তার প্রয়াণে ভারতীয় সিনেমার প্রায় ছয় দশকের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই ধর্মেন্দ্রর বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়; দেখা যায় একটি এম্বুলেন্স ও তার মেয়ে এশা দেওলসহ পরিবারের অন্যান্য সদস্যদের।

মাসের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়ালেও পরিবার তা প্রত্যাখ্যান করে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আগামী ৮ ডিসেম্বর তাঁর ৯০তম জন্মদিন ঘিরে বড় আয়োজনের প্রস্তুতিও চলছিল বলে জানা যায়।

ভারতের চলচ্চিত্র ইতিহাসে ‘হি-ম্যান’ খ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীজগতে ও ভক্তদের মাঝে।

সূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি, পিঙ্কভিলা