দেশে ফিরলে তারেক রহমানও কি পাবেন এসএসএফ সিকিউরিটি?


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর তাঁর নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সম্ভাব্য বিদেশ চিকিৎসার প্রস্তুতি ও নিরাপত্তা বিবেচনায় তাঁকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। দুপুরে এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব গ্রহণ করেন।

তারেক রহমানও কি একই সুবিধা পাবেন?

এই সিদ্ধান্তের পর প্রধান প্রশ্ন—খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কী এসএসএফ নিরাপত্তার আওতায় আসবেন?

এসএসএফ অধ্যাদেশ অনুযায়ী, ভিভিআইপি ঘোষিত ব্যক্তির নিরাপত্তা সুরক্ষায় এসএসএফ দায়িত্ব পালন করে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেছেন, তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে এসএসএফ সুবিধার প্রস্তাব দেওয়া হবে।

বিএনপির আরও কয়েকটি সূত্র মনে করছে, ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবেও তারেক রহমান বিশেষ নিরাপত্তার আওতায় আসতে পারেন। সে ক্ষেত্রে দেশে অবতরণের মুহূর্ত থেকেই এসএসএফ সুরক্ষা কার্যকর হতে পারে।

বাংলাদেশে বিশেষ ব্যক্তির ক্যাটাগরি তিনটি—ভিভিআইপি, ভিআইপি ও সিআইপি। এর মধ্যে ভিভিআইপি ও ভিআইপি নির্ধারিত হয় রাষ্ট্রীয় সিদ্ধান্তে; আর সিআইপি মনোনয়ন দেয় জাতীয় রাজস্ব বোর্ড। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের প্রধান দুই ভিভিআইপি। এসএসএফ প্রয়োজন হলে গ্রেপ্তার বা অস্ত্র ব্যবহারের ক্ষমতাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করে।