মব সৃষ্টিকারীরা চেয়েছিল ওসমান হাদি মারা যাক: মির্জা আব্বাস


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

ঢাকা—ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকে গণতান্ত্রিক অধিকার ও রাষ্ট্রীয় স্বাধীনতার বিরুদ্ধে পরিকল্পিত আঘাত বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি অভিযোগ করেছেন, হামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে যে মব পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল হাদির মৃত্যু নিশ্চিত করা।

শনিবার নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মির্জা আব্বাস বলেন, হামলার কয়েক ঘণ্টা আগেই উসকানিমূলক প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তাঁর দাবি, হাসপাতালে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, বরং একটি “বিশেষ রাজনৈতিক দলের” সঙ্গে যুক্ত।

হাদিকে নিজের সমতুল্য প্রার্থী উল্লেখ করে তিনি বলেন, এই হামলা তাঁকে ব্যক্তিগতভাবেও গভীরভাবে আহত করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।”

সমাবেশে বিএনপির অন্যান্য নেতারাও অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।