এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়া: ডা. জাহিদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, শুক্রবার খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে একটি ছোট চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা সফল হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আইসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে চিকিৎসাধীন। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থায় কোনো অবনতি হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা এবং দলীয় নেতারা দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ একাধিক গুরুতর রোগে ভুগছেন। চলতি বছরের জুনে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।