সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার সকালে ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত জানাজায় রাষ্ট্র ও সামরিক নেতৃত্বের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নিহতরা হলেন করপোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় ইউএনআইএসএফএ মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় তারা নিহত হন।
হামলায় আহত আরও আট শান্তিরক্ষীকে কেনিয়ার নাইরোবিতে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে; তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও অস্ত্রোপচার সফল হয়েছে।
১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বাংলাদেশ এ পর্যন্ত ১৬৮ জন সদস্যকে হারিয়েছে। সুদানে নিহত ছয় শান্তিরক্ষীর মৃত্যু সেই দীর্ঘ ত্যাগের তালিকায় নতুন করে যুক্ত হলো।
আপনার মতামত লিখুন :