ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

ঢাকার ধানমন্ডিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ থানায় মামলাটি দায়ের করেন।

ছায়ানট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে দুর্বৃত্তরা ভবনে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র ও বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করে এবং কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

ঘটনার পর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ছায়ানট পরিদর্শন করেন। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এর আগে একই রাতে রাজধানীর কয়েকটি গণমাধ্যম কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।