দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

সদ্যবিদায়ি ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানানো হয়, ডিসেম্বরের রেমিট্যান্স নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি এবং গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৫৯ কোটি ডলার। গত নভেম্বরে রেমিট্যান্স ছিল ২৮৯ কোটি ডলার এবং ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ২৬৪ কোটি ডলার।

ডিসেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ২২৯ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৬৯ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাসভিত্তিক রেমিট্যান্স ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।