সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। তবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে বর্তমানে বিএনপির সাত দিনের শোক কর্মসূচি চলছে। এ কর্মসূচি শেষে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হলে চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে দলটি। এর আগে তারেক রহমান চেয়ারম্যান পদবী ব্যবহার করছেন না।
বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (গ) ধারার উপধারা-২ অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করেন। এই বিধান অনুযায়ী ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান এবং তখন থেকেই তিনি দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের পর খালেদা জিয়া দলটির নেতৃত্ব গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যেই চেয়ারপারসন নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :