হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজের আদেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবে জমা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পর বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সিআইডির আবেদনে বলা হয়, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ খুন, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগের অনুসন্ধান চলছে। প্রাথমিক বিশ্লেষণে সংশ্লিষ্ট হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ নিষ্পত্তির আগেই অর্থ বেহাত হওয়ার আশঙ্কায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এদিকে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ১১ জন গ্রেপ্তার রয়েছেন এবং ছয়জন পলাতক।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনি প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হয়ে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।