ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্বের অন্যতম প্রধান তেল রফতানিকারক দেশটিতে সম্ভাব্য সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় এই মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৬ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৯৩ ডলারে, যা মধ্য নভেম্বরের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০২ ডলার বেড়ে ৬০ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরানে চলমান অস্থিরতা সরাসরি তেল সরবরাহ ঝুঁকি তৈরি করছে। ব্রিটিশ ব্যাংক বারক্লেস জানিয়েছে, ইরানের পরিস্থিতির কারণে তেলের দামে উল্লেখযোগ্য ‘ভূরাজনৈতিক ঝুঁকি প্রিমিয়াম’ যুক্ত হয়েছে।
এদিকে, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাজারে নতুন করে চাপ সৃষ্টি করেছেন। ইরান তার বড় অংশের তেল চীনসহ বিভিন্ন দেশে রফতানি করায় এই হুমকি আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়িয়েছে।
অন্যদিকে ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল সরবরাহের সম্ভাবনা বাজারে কিছুটা স্বস্তি আনলেও রাজনৈতিক ও কারিগরি অনিশ্চয়তার কারণে তা ইরানজনিত ঝুঁকি পুরোপুরি কমাতে পারেনি। সব মিলিয়ে ইরানের অস্থিরতা এখন বৈশ্বিক তেলবাজারের প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :