বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভোগার পর গত সোমবার (১২ জানুয়ারি) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাগিনা জাভেদ মাহমুদ।
১৯৫২ সালে কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রী কবির অভিনয়জগতে পরিচিতি পেলেও প্রকৃত জনপ্রিয়তা অর্জন করেন বাংলাদেশের চলচ্চিত্রে কাজের মাধ্যমে। বিশ্বনন্দিত নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমায় তার রুপালি পর্দায় অভিষেক ঘটে। তবে প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের পরিচালনায় ‘সীমানা পেরিয়ে’, ‘রুপালী সৈকতে’, ‘সূর্য কন্যা’ ও ‘মোহনা’র মতো কালজয়ী ছবিতে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

বিশেষ করে ‘সীমানা পেরিয়ে’ ছবির জনপ্রিয় গানটি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। অভিনয়জীবন ছেড়ে দীর্ঘদিন লন্ডনে বসবাস করছিলেন জয়শ্রী কবির। সেখানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষকতা করতেন।
য়শ্রী কবির অভিনীত স্মরণীয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে— কলকাতার ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ঢাকার ‘সূর্যকন্যা’ (১৯৭৫), কলকাতার ‘অসাধারণ’ (১৯৭৬), ঢাকার ‘সীমানা পেরিয়ে’ (১৯৭৭), ‘রূপালী সৈকতে’ (১৯৭৯), ‘দেনা পাওনা’ (১৯৮১), ‘মোহনা’ (১৯৮২), ‘নালিশ’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩) ও ‘শহর থেকে দূরে’ (১৯৮৪)।
চলচ্চিত্রে তার অবদান ও স্মরণীয় চরিত্রের মাধ্যমে জয়শ্রী কবির বাংলা সিনেমার ইতিহাসে অমর হয়ে থাকবেন।
আপনার মতামত লিখুন :