আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, আইসিসি বৈঠকে উত্তেজনা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোড়ন তুলেছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সিদ্ধান্তটির পেছনে ছিল টানা কয়েক সপ্তাহের টানাপোড়েন ও একাধিক উত্তপ্ত বৈঠক।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভেন্যুতে খেলতে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব দেয়। আইসিসি সেই অনুরোধ নাকচ করে এবং বিষয়টি নিয়ে তিন সপ্তাহ আলোচনা চলে। একপর্যায়ে বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানাতে আল্টিমেটাম দেয় আইসিসি।

নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি না আসায় আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই ছিল সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে।

ক্রিকবাজ জানায়, পুরো প্রক্রিয়াজুড়ে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জগ গুপ্ত বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও একটি ভিডিও কনফারেন্স বৈঠকে পরিস্থিতি চরমে পৌঁছে। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির নিরাপত্তা মূল্যায়ন নিয়ে প্রকাশ্যে আপত্তি জানান এবং অবস্থান পরিবর্তনে অনাগ্রহ প্রকাশ করেন।

প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশের কলকাতা ও মুম্বাইয়ে চারটি ম্যাচ খেলার কথা ছিল। গ্রুপ ‘সি’-তে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। এখন সেই জায়গায় খেলবে স্কটল্যান্ড।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বিসিবির উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ নিয়ে স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক মূল্যায়ন করা হয়েছে। ওই প্রতিবেদনে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের দল ও সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ মেলেনি। টুর্নামেন্ট শুরুর কাছাকাছি সময়ে সূচি বদলালে প্রতিযোগিতার কাঠামো ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানায় সংস্থাটি।

এই সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। পর্দার আড়ালের বৈঠকের বিবরণ প্রকাশ পাওয়ায় আইসিসি ও বিসিবির মধ্যকার মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।