ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি: তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বগুড়াকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণ করার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে পথসভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিএনপি জনগণের ভোটে যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বগুড়াসহ সারাদেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে তিনি মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন এবং পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।

এদিন বগুড়ার নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ; তাদের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় এবং শিশুরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।