সাবেক এনবিআর সদস্য মতিউরের চার প্লট ক্রোকের নির্দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে চলমান মামলার প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের নামে থাকা চারটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আবাসন প্রকল্পে অবস্থিত এসব প্লটের মোট আয়তন ২৪ কাঠা।

সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। দুদক জানায়, মতিউর রহমান সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে অন্তত ১ কোটি ২৭ লাখ টাকার সম্পদ গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৫ কোটি ২৮ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

তদন্ত চলাকালে আদালত ইতোমধ্যে একাধিক দফায় তার কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। দুদকের দাবি, অভিযুক্ত ব্যক্তি তার নামে থাকা সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন—যা মামলার নিষ্পত্তির আগে রাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। সে কারণেই অবশিষ্ট সম্পদ দ্রুত ক্রোকের প্রয়োজন দেখা দিয়েছে বলে আদালতকে জানানো হয়।