ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান বিচারপতির মাধ্যমে পাঠানো ওই পদত্যাগপত্র সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই–মেইলে পৌঁছেছে বলে আদালত–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বিচারপতি মামনুন রহমান নিজেই ই–মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। তিনি গত এক বছরের বেশি সময় ধরে বিচারিক কাজের বাইরে ছিলেন এবং বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি বিদেশে চলে যান। তার দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিয়ে সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন জমা দেয়। এর আগে কাউন্সিলের তদন্তের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতিকে অপসারণও করা হয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের মোট ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল, যাদের অধিকাংশই পরে অবসর, পদত্যাগ বা অপসারণের মাধ্যমে দায়িত্ব থেকে সরে যান। বিচারপতি মামনুন রহমান ছিলেন স্বেচ্ছায় অনুপস্থিত থাকা বিচারপতিদের একজন।
আপনার মতামত লিখুন :