ভারত ম্যাচ বয়কট ঘোষণায় সংকটে আইসিসি, জরুরি বৈঠক ডাকা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ১০:১০ অপরাহ্ন

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় বড় সংকটে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি জরুরি ভার্চ্যুয়াল বোর্ড বৈঠক ডাকছে বলে জানিয়েছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তে আইসিসির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে আর্থিক জরিমানা, ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টে নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক ক্ষতির দায় পিসিবির ওপর চাপানোর বিষয়।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বয়কটের সিদ্ধান্ত জানায়নি পিসিবি, পাকিস্তানের একটি সরকারি বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে দল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে খেলবে না।

প্রাথমিক প্রতিক্রিয়ায় আইসিসি বলেছে, বেছে বেছে ম্যাচ না খেলার সিদ্ধান্ত টুর্নামেন্টের নীতি ও মর্যাদার পরিপন্থী। সংস্থাটি পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে, সতর্ক করে দিয়েছে—এই অবস্থান বিশ্ব ক্রিকেট ও কোটি ভক্তের জন্য হতাশার কারণ হতে পারে।

বিশ্বকাপের ঠিক আগে এমন অনিশ্চয়তা টুর্নামেন্টের ভবিষ্যৎ কাঠামো ও আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে।