৯ ফেব্রুয়ারি তারেক রহমানের ভাষণ সম্প্রচারে বিটিভিকে নির্দেশ নির্বাচন কমিশনের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রধান তারেক রহমানের নির্বাচনী ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে তার ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিটিভির মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রীয় গণমাধ্যমে সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারসুযোগ থাকা জরুরি। সেই নীতির আলোকে দলীয় প্রধানদের জন্য প্রচার স্লট বরাদ্দের নির্দেশ দিয়েছে কমিশন।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে রাজনৈতিক দলগুলোর লিখিত আবেদনের ক্রমানুযায়ী স্লট নির্ধারণ করতে হবে। ভাষণ প্রচারের সময়, মেয়াদ ও রেকর্ডিংয়ের সূচি সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠিক করবে বিটিভি।

ইসি জানিয়েছে, এ পর্যন্ত বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল বিটিভিতে ভাষণ প্রচারের জন্য আবেদন করেনি। ফলে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, আর তার আগের দিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ থাকবে।