এপস্টেইন নথিতে মাইকেল জ্যাকসনের নাম, তবে অভিযোগের প্রমাণ নেই


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত বহুল আলোচিত এপস্টেইন ফাইলস নতুন করে আলোড়ন তুলেছে রাজনীতি ও বিনোদন জগতে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নেটওয়ার্ক ও তার সামাজিক পরিসরে যাতায়াতকারী প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এবার উঠে এসেছে পপসম্রাট মাইকেল জ্যাকসন ও রক সংগীতের কিংবদন্তি মিক জ্যাগারের নাম।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির তত্ত্বাবধানে প্রকাশিত নথিতে এপস্টেইনের বিভিন্ন সামাজিক আয়োজন ও ভ্রমণের ছবি অন্তর্ভুক্ত করা হয়। সেখানে একটি ছবিতে মাইকেল জ্যাকসনকে ডায়ানা রস ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে দেখা যায়। আরেকটিতে তাঁকে এপস্টেইনের পাম বিচের বাড়িতে উপস্থিত থাকতে দেখা গেছে।

তবে বিচার বিভাগ স্পষ্ট করেছে, এসব নথিতে মাইকেল জ্যাকসন বা মিক জ্যাগারের বিরুদ্ধে কোনো অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ নেই। ২০১৬ সালের একটি সাক্ষ্যেও জ্যাকসনের উপস্থিতির কথা বলা হলেও অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

এর আগে নথিতে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, ইলন মাস্ক ও বিল গেটসসহ বহু পরিচিত নাম উঠে এলেও, অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ প্রমাণিত হয়নি। তবু নতুন তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও নানা জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে।