জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র কমনওয়েলথ অব ডোমিনিকার পাসপোর্ট নিয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পাসপোর্টের ছবি ভুয়া বলে শনাক্ত হয়েছে। ফ্যাক্ট–চেকিংভিত্তিক অনলাইন পোর্টাল দ্য ডিসেন্ট বিষয়টি যাচাই করে অন্তত চারটি বড় অসঙ্গতির কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, অনলাইনে পাওয়া ডোমিনিকার পাসপোর্টের একটি সম্পাদনাযোগ্য টেমপ্লেট ব্যবহার করে নাহিদের নামে ছবিটি তৈরি করা হয়েছে। টেমপ্লেট ও ভাইরাল পাসপোর্টে ব্যবহৃত বারকোড স্ক্যান করলে একই নম্বর পাওয়া যায়, যদিও পাসপোর্টে মুদ্রিত নম্বরের সঙ্গে সেটির মিল নেই।
এ ছাড়া পাসপোর্টে ব্যবহৃত নাহিদের ছবি অনলাইন সংবাদ প্রতিবেদনে আগে থেকেই প্রকাশিত ছিল, যা পাসপোর্ট ইস্যুর তারিখের আগের। জন্মস্থান হিসেবে শহরের নাম ব্যবহার করা হয়েছে, যা ডোমিনিকার প্রকৃত পাসপোর্ট কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, পাসপোর্টে থাকা স্বাক্ষর নাহিদের সরকারি নথিতে ব্যবহৃত স্বাক্ষরের সঙ্গে মেলে না।
এই তথ্যগুলো বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পাসপোর্টটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি।
আপনার মতামত লিখুন :