সমালোচনার মুখে ১২ ঘণ্টায় ‘রেজিস্ট্রেশনবিহীন পোর্টাল বন্ধের নির্দেশ’ প্রত্যাহার এসএমপির


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৭:১০ অপরাহ্ন

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জারি করা রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা তীব্র সমালোচনার মুখে অল্প সময়ের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে এসব পোর্টাল বন্ধের নির্দেশ দিয়ে জারি করা গণবিজ্ঞপ্তি ১২ ঘণ্টার মধ্যেই বাতিল করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নিবন্ধনহীন কিছু অনলাইন পোর্টাল বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ প্রেক্ষিতে ১ মে সন্ধ্যা ৬টার মধ্যে এসব পোর্টাল বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

এছাড়া সাধারণ জনগণকে এসব পোর্টালের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই এর বৈধতা ও পুলিশের এখতিয়ার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। বিশেষ করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন বা বন্ধের বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন, পুলিশের নয়।

সমালোচকদের মতে, গণমাধ্যমের স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। এ ধরনের নির্দেশনা সেই ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করে।

এ বিষয়ে এসএমপির পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, ২০২১ সালের হাইকোর্টের নির্দেশনার আলোকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং পুলিশের নির্দিষ্ট ভূমিকার মধ্যেই এটি করা হয়েছে। তবে বিতর্কের মুখে শেষ পর্যন্ত আগের নির্দেশনা প্রত্যাহার করে নেয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঘটনাটি আবারও গণমাধ্যমের স্বাধীনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার সীমা নিয়ে আলোচনাকে সামনে নিয়ে এসেছে।