নারী পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার


নিনা আফরিন, পটুয়াখালী প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তৃতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উর্মি দুই সন্তানের জননী। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। পাশাপাশি তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে উর্মি ওই এলাকায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত বলে জানা যায়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে স্বামী বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের স্বামী ও দুই সন্তানকে মানসিক সহায়তার জন্য থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।