সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম নতুন মামলায় গ্রেফতার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

চব্বিশের গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া এক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া ভ্যানচালক রিপন হত্যা মামলায় বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত জাহাঙ্গীর আলমকে মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক অনুপ কুমার দাস।

মামলার নথি অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজধানীতে ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ভ্যানচালক রিপন। কোতোয়ালি থানাধীন এলাকায় সংঘর্ষের মধ্যে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ গ্রামের বাড়ি রামগঞ্জে দাফন করা হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে গত বছরের ২৮ আগস্ট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রায় ২০০ জনকে আসামি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় সাবেক সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা পর্যালোচনা করা হচ্ছে।