ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ জন্য বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশনসহ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিংয়ে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে।
এ ছাড়া ডিএমপি নগরবাসী, যানবাহন চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্বাচনের সময় উল্লেখিত ক্রসিং ও আশপাশের সড়ক এড়িয়ে চলার জন্য। সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :